শিবালয়ে স্বামীর মামলায় মেম্বার স্ত্রী কারাগারে

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৫২

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর মামলায় মেম্বার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। শিবালয় মডেল ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রীর কলহ নিয়ে মেম্বার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেন স্বামী সফিউদ্দিন। শিবালয় থানাপুলিশ অভিযোগ পেয়ে মেম্বার শারমিনকে আটক করে কোর্টে চালান দেয়। রবিবার আদালত শুনানি শেষে শারমিন আক্তারের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। জানা গেছে, উপজেলার নবগ্রাম গ্রামের মো. সফিউদ্দিন এবং তার স্ত্রী মেম্বার শারমিনের মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক নানা বিষয়ে কলহ চলছে। একাধিক বার বিচার-সালিশও হয়েছে। সুরাহা না হওয়ায় জাল কাগজ তৈরির অভিযোগে স্ত্রী শারমিনের বিরুদ্ধে সফিউদ্দিন থানায় মামলা করেন।

ইতিপূর্বে সফিউদ্দিনের নামে ইস্যুকৃত বয়স্ক ভাতার কার্ড বয়স কম হওয়ায় বর্তমানে ‘অনলাইন’ পদ্ধতিতে বাতিল হয়। পরে কার্ডটি অন্য ভোটারের নামে প্রতিস্থাপনের চেষ্টা হয়। মেম্বার শারমিন এজন্য ইউপি চেয়াম্যানের নিকট থেকে নিজ স্বামীর নামে মৃত্যু সনদ বানিয়ে সমাজসেবা অফিসে জমা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সফিউদ্দিন মামলা করেন।