আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে :কাদের

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালিরা চুরি করে না, বীরের জাতি। শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল পদ্মা সেতু। আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে। গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকশিত হয়েছে। এটা একটা ধীরগতির প্রক্রিয়া। রাতারাতি এর বিকাশ হওয়ার সুযোগ নেই। রবিবার দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে নির্বাচনের প্রস্তুতি নেন। মন্ত্রী বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর বিতর্কের অবকাশ নেই। নির্বাচন কমিশন                 নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ হবে।

বিএনপিকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু, আপনাদের নেত্রী একসময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নেই।

পদ্মা সেতুর বাস্তবায়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার সোনালি ফসল পদ্মা সেতু। দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ঘোষণা দিয়েছিলেন, আমি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করব, বাঙালি চুরি করে না, বাঙালি বীরের জাতি। সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা।

সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।