গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন নারীরা। স্থানীয় সময় শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে এই বিক্ষোভ হয়। সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাতবিষয়ক পাশ হওয়া একটি আইনকে ঘিরে এই বিক্ষোভ শুরু হয়। এই আইনে কারো গর্ভধারণের সময় ছয় সপ্তাহের মতো হয়ে গেলে তাদের গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। গত মাস থেকে কার্যকর হয় এই আইন। এটি যুক্তরাষ্ট্রে গর্ভপাতবিষয়ক সবচেয়ে কঠিন আইন। খবর আলজাজিরা ও ইউএসএ টুডের
শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে গর্ভপাতের অধিকারের দাবিতে ৬৬০টি বিক্ষোভ হয়। এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিক্ষোভটি ছিল উল্লেখ করার মতো। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভটি ছিল বিশাল। সুপ্রিম কোর্টের আশপাশের সড়কগুলো ছিল পূর্ণ। ‘র্যালি ফর অ্যাবরশন জাস্টিস’ নামে এই বিক্ষোভে নারীদের হাতে গর্ভপাতবিরোধী আইনের সমালোচনামূলক বিভিন্ন ব্যানার ছিল। ড্রাম বাজিয়ে নানা স্লোগানে তারা উত্তাল করে তোলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। তাদের নানা স্লোগানের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘আমার শরীর, আমার পছন্দ’। ব্যানারগুলোতে লেখা ছিল প্রতিবাদী নানা স্লোগান ‘নিজের জরায়ুর প্রতি মনোযোগ দিন’, ‘আমি এমন কাউকে ভালোবাসি, যার গর্ভপাত হয়েছিল’, ‘গর্ভপাত ব্যক্তিগত পছন্দ, আইনি বিতর্ক নয়’।
অনেককে পরতে দেখা যায় ‘১৯৭৩’ লেখা টি-শার্ট, যা মনে করিয়ে দেয় ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ের বিষয়টি। ঐ রায়ে আমেরিকান নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া হয়েছিল। এই বিক্ষোভে ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর প্রেসিডেন্ট অ্যালেক্সিস ম্যাকগিল জনসন বলেন, ‘আপনি কোথায় থাকেন, কোথায় আছেন, এটা কোনো ব্যাপার নয়। এটা অন্ধকার যুগ। আর এ কারণেই আমরা এখানে।’
