ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণে নিহত ১

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:২৯

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ওয়েল্ডিংকালে বিস্ফোরণে এক জন নিহত ও এক পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। নিহত ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলাম (৩০) সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের বসির উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রাজিব হোসেন, মোস্তাক আহমেদ, আজাদ ও পুলিশ কনস্টেবল অনুপম ঘোষ। আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং পরে রাজিব ও মোস্তাককে ফরিদপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। এছাড়া আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী নূর আমিন জানান, রবিবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় হঠাত্ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত মানুষ। তারা ছুটে এসে দেখতে পান মালখানার দরজা-জানালা ভেঙে পড়েছে এবং ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে সেখান থেকে আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলাম সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মালখানায় পুলিশ হেফাজতে বিভিন্ন মামলার আলামত জমা রাখা হয়। সকাল থেকে ওয়েল্ডিং মিস্ত্রিরা সেখানে কাজ করছিলেন। তিনি বলেন, ওয়েল্ডিংকালে সম্ভবত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।