বাল্যবিবাহ বন্ধে এনআইডি সার্ভার থেকে বয়স যাচাইয়ের প্রস্তাব

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৪৫

বাল্যবিবাহ বন্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার থেকে বয়স যাচাইয়ের প্রস্তাব উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সংসদের ‘স্ট্রেংদেনিং পার্লামেন্ট’স ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি)’ প্রকল্পের সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এ প্রস্তাব দেন।

ফিরোজ তার প্রস্তাবে এনআইডি সার্ভারের তথ্য ব্যবহার করে বিয়ের কাজি নিজের তথ্য ও বিয়ে প্রার্থীদের তথ্য ইনপুট দিয়ে বিয়ের ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ গ্রহণের পদ্ধতি চালুর কথা বলেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটি আমাদের বক্তব্য আমলে নিয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলা হয়েছে।

বাল্যবিবাহ বন্ধে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ টেনে ঐ প্রস্তাব দেন আ স ম ফিরোজ। গ্রামভিত্তিক সচেতনতা কার্যক্রম চালু করার প্রস্তাবও দেন তিনি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করা হয়। বিএপিপিডির প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের পরামর্শ-বিষয়ক কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও বেগম রুমানা আলী অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আ স ম ফিরোজ, মাহাবুব আরা গিনি, মেহের আফরোজ, আব্দুস শহীদ, আ ফ ম রুহুল হক, হাবিবে মিল্লাত, উম্মে ফাতেমা নাজমা বেগম, শামীমা আক্তার খানম, শামীম হায়দার পাটোয়ারী ও আরমা দত্ত এমপি।