জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তাই কাউকেই দোষারোপ করা যায় না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের প্রায় ৯০ ভাগই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে। তাই বর্তমান সরকারব্যবস্থাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। তিনি গতকাল রবিবার তার বনানী কার্যালয়ে পল্লীবিদ্যুত্ সমিতির সাবেক সিনিয়র জি এম সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণের জাপায় যোগদান অনুষ্ঠানে একথা বলেন।
জি এম কাদের বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌঁছেছে। যারাই রাষ্ট্রক্ষমতায় ছিল, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে, তাই দেশের রাজনীতিতে দলগুলো টিকতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না, ভোটকেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না। সরকারের ফরমায়েশ মোতাবেক নামেমাত্র দল থাকবে, নেতা থাকবে, সেসব দলের বা নেতাদের স্বতঃস্ফূর্ত সংগঠন থাকবে না বা দেশের মানুষের সমর্থন থাকবে না।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
জিয়াউদ্দিন বাবলুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
জাপার প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। স্মরণসভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন জিয়াউদ্দিন বাবলু। এর চেয়ে বড় সাফল্য আর হয় না। একজন দক্ষ সংগঠক হিসেবে জাপাকে শক্তিশালী করতে তার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন প্রকৃত কর্মীবান্ধব নেতা। অন্যায়, অবিচার আর দুঃশাসনের বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠ ছিলেন। স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা, মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
