আওয়ামী লীগ ইসলামের উপর আঘাত হেনেছে :ফখরুল

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৪৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলাম ধর্মের ওপর আওয়ামী লীগ একের পর এক আঘাত হেনেছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তারা পশ্চিমা বিশ্বের সহানুভূতি পেতে এসব কাজ করেছে।

গতকাল রবিবার জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

দেশের ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে কোনো ধর্মই আজ নিরাপদ নয়। আজকের বাস্তবতা হচ্ছে, তাদের কাছ থেকে আমাদের মুক্তি পেতে হবে।’ ফখরুল বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল চমত্কার একটি রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, যে রাষ্ট্রে মানুষ কথা বলতে পারবে, স্বাধীন সংবাদমাধ্যম থাকবে। কিন্তু তারা বাংলাদেশকে যে রাষ্ট্রে পরিণত করেছে, তা জনগণের নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই বলেন বিএনপির সংকট। সংকট শুধু বিএনপির নয়, সংকট গোটা জাতির। এ কথা আমাদের বুঝতে হবে। কথাটি মানুষকে বোঝাতে হবে। আজ গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, কোনো জবাবদিহি নেই, যে যেখানে পারছে চুরি করছে, ডাকাতি করছে।’ তিনি বলেন, ইভ্যালিসহ ১০-১২টি প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে বহু টাকা লুটে নিয়েছে। কিন্তু এর আগে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পারেনি সরকার।