হাওর এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ সহনশীল কৃষি ব্যবস্থা প্রবর্তনে একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কার্যবিবরণীতে স্বাক্ষর করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এতে স্বাক্ষর করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি-জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকেশি সাহেকি, শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন টেটসুয়ো টাউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) হবিগঞ্জ আঞ্চলিক অফিসের প্রধান ড. মোজাম্মেল হক এবং এএসইডি হবিগঞ্জের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ জাফর ইকবাল চৌধুরী। জাইকার পার্টনারশিপ কর্মসূচির আওতায় ‘প্র্যাকটিস অ্যান্ডডিসেমিনেশন অব ডিজাসটার রেসিসট্যান্ট ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটিভ অ্যাগ্রিকালচার ইন দ্য হাওর এরিয়া’ শিরোনামে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
বাংলাদেশের হাওর অঞ্চলগুলোর অবস্থান নিম্নাঞ্চলীয় প্লাবন ভূমিতে। শুষ্ক মৌসুমে প্রচুর পরিমাণে বোরো ধান উত্পাদনের জন্য গুরুত্বপূর্ণ হলেও এসব অঞ্চল আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।
স্থানীয় কৃষকদের জন্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে, প্রকল্পটি অল্পদিনে উত্পাদনশীল এবং ঠান্ডা-সহনশীল ধানের নতুন জাত এবং সবজিবীজ বিতরণ করবে যা হাওর এলাকার জন্য উপযোগী। এছাড়াও প্রকল্পটি হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন এবং বানিয়াচং উপজেলার পুকুরা ইউনিয়নের স্থানীয় কৃষকদের উন্নত সেবা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।-প্রেস বিজ্ঞপ্তি।
