ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আবারো জাতীয় সংসদের উপনেতার দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে ৭ ফেব্রুয়ারি থেকে স্পিকার সংসদের উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। উল্লেখ্য, সাজেদা চৌধুরী টানা তৃতীয়বারের মতো সংসদের উপনেতা হলেন।
সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। স্বাধীন বাংলাদেশ গড়ায় তার রয়েছে বিশেষ অবদান। দুঃসময়ে তিনি ভরাট কণ্ঠের স্লোগানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি অনেক চড়াই-উতরাইয়ের মধ্যেও নৌকার বৈঠা ধরে আছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শে অবিচল।
সাজেদা চৌধুরী ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনো নারী সংসদ উপনেতা হন। তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনিই দেশের ইতিহাসে দীর্ঘসময় ধরে জাতীয় সংসদের উপনেতার আসন অলঙ্কৃত করছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুর আংশিক) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। দশম সংসদেও তিনি এই আসন থেকে নির্বাচিত হন।
সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। শিক্ষাজীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার স্বামী রাজনীতিবিদ এবং সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী। ২০১৫ সালের ২৩ নভেম্বর আকবর চৌধুরী মৃত্যুবরণ করেন।
