ভেনিজুয়েলার তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ওপেক’র সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি সহায়তা চেয়ে একটি চিঠিও লিখেছেন। তবে প্রেসিডেন্ট মাদুরোর আহবানে ওপেক খুব বেশি সাড়া দিয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের
একটি সূত্র জানিয়েছে, অর্গানাইজেশন অব এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) এর প্রতিষ্ঠাতা সদস্য ভেনিজুয়েলা। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি দিতে অস্বীকার করেছে। ওপেক বলছে, তারা তেল নীতি নিয়ে উদ্বিগ্ন, রাজনীতি নিয়ে নয়। মাদুরো সরকার বলছে, মার্কিন নিষেধাজ্ঞায় তেলের উত্পাদন ব্যাহত হলে দাম বেড়ে যাবে। এর প্রভাব অন্যান্য তেল উত্পাদনকারী দেশের ওপরও পড়বে। গত ২৯ জানুয়ারি ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিন্দোর কাছে চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট মাদুরো। চিঠিতে মাদুরো লিখেছেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে অবৈধভাবে হস্তক্ষেপ করছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এক্ষেত্রে আমরা ওপেকভুক্ত দেশগুলোর সহায়তা কামনা করছি। বিশ্বের জ্বালানি সংকট এড়াতে এই ধরনের সহায়তা করা উচিত অন্যান্য দেশের। যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ ৪০ টির বেশি দেশ ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে রাশিয়া এবং চীনসহ অনেক প্রভাবশালী দেশ মাদুরোর ওপর সমর্থন অব্যাহত রেখেছে।
