বিনোদন ডেস্ক
‘টাইগার থ্রি’র তুরস্ক, রাশিয়া ও অস্টিয়া অংশের শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটির পরবর্তী লটের শুটিং মুম্বাইতে করার জন্যই দেশে ফিরেছেন তারা। জানা গেছে, মুম্বাইয়ে মধ্যপ্রাচ্যের আদলে ৩টি সেট তৈরি করে শুটিং করবেন নির্মাতা। এরইমধ্যে নাকি সেটা তৈরি জন্য একটি মাঠও ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মণীশ শর্মা। পুরো ৩ মাস ধরে সেটগুলো তৈরি করা হবে। তারপর বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন সালমান-ক্যাট। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘টাইগার থ্রি বহুল প্রতীক্ষিত এবং বিগ বাজেটের একটি সিনেমা। আগের পর্বগুলোর মতো দারুণ কিছু প্রত্যাশা করছেন দর্শকরা। সেই জায়গা থেকে গল্পের প্রয়োজনে নির্মাতা কোনোকিছুতে ছাড় দিচ্ছেন না। আমরাও চেষ্টা করছি নির্মাতার আস্থার প্রতিদান দেওয়ার। এখানে সেট তৈরি করতে দীর্ঘ সময় লাগলেও সিনেমাটির জন্য সিডিউল দিতে আমার কোনো আপত্তি নেই। সিনেমাটির প্রতি আমার দুর্বলতা আছে। কারণ সালমানের সঙ্গে টাইগার সিক্যুয়েলে কাজ মানেই ক্যারিয়ারে নতুন কিছু প্রাপ্তি। টাইগার সিনেমা দিয়ে দর্শকদের কাছে আমাদের জুটির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।’
উল্লেখ্য, সিনেমাটিতে ভিলেন চরিত্রে চমক হিসেবে রয়েছেন ইমরান হাশমি।
