রিহ্যাব নির্বাচন :নমিনেশন ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

একটি গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছেন দেশের আবাসন ব্যবসায়ীরা। আর তাদের কর্তৃত্ব বজায় রাখতে এই খাতের মূল সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এতে একদিকে যেমন সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সম্ভাবনাময় এই খাতের নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছেন অনেক উদ্যোক্তা।

২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এতে স্থান পেয়েছেন ৭৫২ জন সদস্য। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক অনেকেই গতকাল প্রার্থী ফরম সংগ্রহ করতে এলে তাদের বাধা দেওয়া হয়। আর বাধার মুখে পড়ে ফরম সংগ্রহ করতে পারেননি তারা। এতে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হট্টগোলের ঘটনাও ঘটে। অবশেষে পুলিশের উপস্থিতিতে সমঝোতা হয়। আজ মঙ্গলবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুকদের ফরম দেওয়া হবে বলে গতকাল সোমবার তাদের বিদায় করা হয়।

প্রভাব ও ভয়ভীতি দেখানোর মাধ্যমে নেতৃত্ব টিকে থাকার যে অপকৌশল, তাকে ভালোভাবে দেখছেন না রিহ্যাবের সদস্যরা। এ বিষয়ে ঐশী প্রোপার্টিজের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘সোমবার নমিনেশন ফরম সংগ্রহ করতে গেলেও আমাদের তা দেওয়া হয়নি। মঙ্গলবার (আজ) আসতে বলা হয়েছে। আমরা সাধারণ সদস্যরা চাই রিহ্যাব তার হারানো ভাব-মর্যাদায় ফিরুক। এমনিতেই করোনা মহামারিতে আমরা ক্ষতিতে আছি। উপযুক্ত নেতৃত্ব এলে এই খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে। এর জন্য উপযুক্ত নেতৃত্ব জরুরি হয়ে পড়েছে।

জানা গেছে, রিহ্যাবের এবারের নির্বাচনে নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান। তপশিলে নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এ বছর ঢাকা থেকে ২৬ জন এবং চট্টগ্রাম থেকে তিন জনসহ মোট ২৯ জন পরিচালক নির্বাচিত হবেন। একই দিনে পাঁচ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম রিজিওনাল কমিটি নির্বাচিত হবে। নির্বাচিত কমিটি দুই বছরের জন্য রিহ্যাবের পরিচালনা পর্ষদ গঠন করবে। পরিচালনা পর্ষদ রিহ্যাবের কার্যক্রম পরিচালনা করে থাকে।