শেয়ারবাজারে আতঙ্ক না ছড়ানোর আহ্বান

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, কেউ কেউ বাস্তবতার বাইরে গিয়ে শেয়ারবাজারকে অতিমূল্যায়িত বলে মন্তব্য করেন। কিন্তু বাস্তবে শেয়ারবাজার অতিমূল্যায়িত না। তাই শেয়ারবাজার নিয়ে আতঙ্ক না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান করেছেন তিনি।

গতকাল সোমবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকাল ৪টায় বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধনীতে ‘রোল অব সাসটেইনএবল ফিন্যান্স অ্যান্ড ফ্রড অ্যান্ড স্ক্যাম প্রিভেনশন ইন প্রোটেকটিং দ্য ইন্টারেস্ট অব দ্য ইনভেস্টরস অ্যান্ড ইনভেস্টরস অ্যাওয়ারনেস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বিএসইসি।

অনুষ্ঠানে শিবলী রুবাইয়াত বলেন, কেউ কেউ সূচক দেখে শেয়ারবাজারকে অতিমূল্যায়িত বলে মন্তব্য করে থাকেন। কিন্তু দেশের অর্থনীতি, জিডিপি ও মাথাপিছু আয় যে হারে উন্নতি হয়েছে, সে হারে কিন্তু শেয়ারবাজার বাড়েনি। কেউ এ বিষয়গুলোর সঙ্গে তুলনা করে না। তিনি বলেন, সিকিউরিটিজের দর বাড়লে মূল্যসূচক বাড়ে—এটাই স্বাভাবিক। তাই শুধু এই সূচক দিয়ে বাজারকে বিবেচনা করা ঠিক হবে না। মূল্য-আয় (পিই) অনুপাতকে বিবেচনায় নিতে হবে। এ বিবেচনায় শেয়ারবাজার অতিমূল্যায়িত না।

দেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে, সেভাবে শেয়ারবাজার এগোয়নি বলে জানিয়েছেন বিএসইসির এই চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমান কমিশন শেয়ারবাজারকে এগিয়ে নিতে নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছে। এছাড়া কমিশন শেয়ারবাজারের প্রধান অংশ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ও বিনিয়োগের রিটার্ন নিশ্চিতে কাজ করছে। একই সঙ্গে সুশাসনে জোরদার করছে কমিশন। তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এগিয়ে আসেন। তারা শেয়ারবাজারের খোঁজখবর রাখেন। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। এরপরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। এছাড়া কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন। এরপরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন কমিশনার আব্দুল হালিম।