কাশিমপুর ইউপি নির্বাচন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলার ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলায় শুরু হয়েছে আগাম নির্বাচনি প্রচার কাজ। চাঙ্গা হয়ে উঠছে নির্বাচনি এলাকাগুলো। মনোনয়নপ্রত্যাশীদের শুভেচ্ছাসংশ্লিষ্ট পোস্টারে ভরে উঠেছে নির্বাচনি এলাকার বিভিন্ন মোড়, রাস্তা ও জনমুখর স্থানগুলো।
উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে অন্যতম হচ্ছে ২ নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ ১৫টি গ্রাম নিয়ে গঠিত। মোট ভোটার হচ্ছে ১৫ হাজার ৫১৮ জন। আসন্ন নির্বাচনকে ঘিরে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রার্থীর নাম শোনা যাচ্ছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম আলী মণ্ডল, ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নান মহুরী। এছাড়াও বর্তমান চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু ও যুবদল নেতা বেদারুল ইসলামের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।
সাবেক চেয়ারম্যান ইব্রাহীম আলী মণ্ডল বলেন, আমি এই ইউনিয়নবাসীর কাছে চেনা মুখ। তাই দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আশাবাদী জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, ইউনিয়নবাসী পরিবর্তন চায়। আশা রাখি, দল আমাকে সেই সুযোগ দেবে। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতীক পেলেও হেরে গেছি। তবে, আশাবাদী এবারও দল আমার ওপর ভরসা রাখবে। সমর্থন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ দেবেন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আশা করি দল আমার সবকিছু যাচাই করে এবং তৃণমূলের জরিপের ভিত্তিতে চেয়ারম্যান পদে আমাকেই দলীয় সমর্থন দেবেন।
বর্তমান চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু বলেন, ইউনিয়নবাসী আমাকে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আসন্ন ইউপি নির্বাচন যদি সুষ্ঠ, সুন্দর ও অংশগ্রহণমূলক হয় তাহলে আমি আবারও নির্বাচন করব। যুবদল নেতা বেদারুল ইসলাম বলেন, যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় তাহলে আমি আশাবাদী অবশ্যই দলীয় সমর্থন পাবো।
উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি। দল অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে আমরা প্রার্থীর তালিকা পাঠাব। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, তৃনমূলের জরিপের ভিত্তিতে আমরা তালিকা পাঠাব। পরবর্তীতে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে আমরা তার হয়েই কাজ করব।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে নওগাঁ জেলার রাণীনগর ও সদর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।
