১৮ মাস পর খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল-লাইব্রেরি

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৩০

বরিশাল অফিস

মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ১৮ মাস পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল ও কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে সোমবার। এদিন বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল—বঙ্গবন্ধু হল, শের-ই বাংলা হল ও শেখ হাসিনা হল খুলে দেওয়া হয়। যেসব শিক্ষার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে এক ডোজ নিয়েছেন তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হয়। শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক মার্জিয়া নমি স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, যেসব ছাত্রী কমপক্ষে এক ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছে, শুধু সেসব ছাত্রীরা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবে। হলে প্রবেশের সময় অবশ্যই টিকা কার্ডের মূল কপি প্রদর্শন করতে হবে এবং টিকা কার্ডের ফটোকপি গেটে জমা দিয়ে প্রবেশ করতে পারবে। পরবর্তী সময়ে অন্য ছাত্রীরা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করা সাপেক্ষে হলে প্রবেশ করতে পারবে।