চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা
ধর্ষণ মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তী ইউনিয়নের রানীবাড়ী গ্রামের আব্দুল লতিবের ছেলে আনোয়ার হোসেন (৩০)। সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু ও মামলা বিরণীতে জানা গেছে, আনোয়ার হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে পাশের গ্রামের এক তরুণীকে প্রায় এক বছর ধরে ধর্ষণ করে। শেষে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন ঐ তরুণী নিজেই। প্রায় তিন বছরের মাথায় দীর্ঘ শুনানি শেষে বিচারক ধর্ষক আনোয়ার হোসেনের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
