চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা সোমবার দুপুরে চাটখিল মাছ বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত রাসায়নিক জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করেছেন। এ সময় প্রায় পাঁচ মণ চিংড়ি জব্দ ও ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই মাছগুলো চাটখিল মাছ বাজারের জননী মত্স্য আড়ত, সাগরিকা মত্স্য আড়ত ও নুর মোহাম্মদের মত্স্য আড়ত এবং মোহাম্মদিয়া মিনি বাজার থেকে জব্দ করা হয়। এ ঘটনার দায়ে মোহাম্মদিয়া মিনি বাজারের ৫ হাজার টাকা ও অন্য ব্যবসায়ীদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আগৈলঝাড়ায় জাটকা ও
মা-ইলিশ জব্দ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় সোমবার দুপুরে একটি বরফ কলে অভিযান চালিয়ে জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। অভিযানে বরফ কলের এক কর্মচারীকে আটক করা হয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদর বাজারের একটি বরফ কলে অভিযান চালিয়ে ১৬০ কেজি জাটকা ও মা-ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। অভিযানের খবর পেয়ে মত্স্য ব্যবসায়ী পালিয়ে গেলে বরফ কলের কর্মচারী বাটাজোর এলাকার সুজন বেপারীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
