যশোর অফিস
যশোরে চাঁদাবাজির অভিযোগে সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের রবিউল ইসলমের ছেলে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের পরিচালক শরিফুল ইসলাম মামলাটি করেছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। খাঁন মোহাম্মদ ইনামুল হাসান যশোর সিআইডি অফিসে কর্মরত।
বাদীর আইনজীবী রুহীন বালুজ বলেন, বাদীর কাছ থেকে বিকাশে চাঁদার টাকা গ্রহণের প্রমাণ আছে। চাঁদাবাজির অভিযোগে সিআইডি এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছে।
বাদীর অভিযোগ, যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউনের পাশে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়। শরিফুল ইসলাম এ প্রতিষ্ঠানের পরিচালক। অভিযুক্ত যশোর সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসান গত ২৬ সেপ্টেম্বর ঐ অফিসে গিয়ে প্রতিষ্ঠানকে ভুয়া বলে কর্মীর সঙ্গে উচ্ছৃঙ্খল ও খারাপ আচারণ করেন। এরপর শরিফুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে অফিস সিলগালা ও পরিচালককে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন। পরে আসামির ভয়ে তিনি দুই দফা পাঁচ হাজার টাকা বিকাশ করেন। এরপর আসামি খাঁন মোহাম্মদ ইনামুল হাসান বাকি ৪৫ হাজার টাকার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন। চাঁদার বাকি টাকা না দেওয়ায় ফোনে হুমকি দিলে তিনি আদালতে এ মামলা করেছেন।
