খুলনা অফিস
খুলনায় তেলের পরিমাপে কারচুপি করায় মেসার্স তুহিন ট্রেডার্স নামের পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, রূপসার মেসার্স তুহিন ট্রেডার্স নামের ফিলিং স্টেশনের তেল সরবরাহ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার পর তেল পরিমাপে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পাম্পটিতে প্রতি পাঁচ লিটার ডিজেলে ৪১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
