রয়টার্স
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি ক্লান্তিজনিত কারণে ঘন ঘন আদালতে হাজির হওয়া থেকে রেহাই চেয়েছেন বলে তার আইনজীবী জানিয়েছেন। সোমবার এ মর্মে বিচারকের কাছে আবেদন জানালেও তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি, তার প্রধান আইনজীবী খিন মাউং জাও এ কথা জানিয়েছেন।
১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে কারাবন্দি সু চির বিচার চলছে এবং বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে। আইনজীবী মাউং জাও গণমাধ্যমকে জানান, প্রতি সপ্তাহে নয়, প্রতি মামলার ক্ষেত্রে দুই সপ্তাহে শুনানির অনুরোধ জানিয়েছেন সু চি। রয়টার্স তার স্বাস্থ্যের অবস্থার কথা জিজ্ঞাসা করলে জাও জানান, ব্যস্ত সূচির কারণে সু চি (৭৬) ক্লান্তিতে ভুগছেন তবে তিনি অসুস্থ নন। টেলিফোনে তিনি বলেন, ‘তিনি ক্লান্ত। তার বয়সে পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন শুনানির জন্য বসে থাকা অসুবিধাজনক। তার কোনো নির্দিষ্ট রোগ বা অসুখ নেই। পরিস্থিতি উদ্বিগ্ন হওয়ার মতো নয়। তিনি শুধু ক্লান্ত।’ মিয়ানমারে নোবেল জয়ী সু চির স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। দেশটির সামরিক শাসকদের চ্যালেঞ্জ করায় বহু বছর তাকে আটক থাকতে হয়েছিল। করোনা ভাইরাস বিধিনিষেধ ভাঙা, অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও সেগুলো নিজের কাছে রাখা, জনগণকে উসকানি দেওয়া ও সরকারি গোপনীয়তার বিধি লঙ্ঘনের মতো বেশি কিছু অভিযোগ আনা হয়েছে সু চির বিরুদ্ধে। বেশ কয়েকটি শহরের আদালতে চলা এসব মামলায় তার কয়েক বছরের কারাদণ্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তার মিত্ররা। এর আগে গত মাসে গতিজনিত অসুস্থতার কারণে মাথা ঘোরার সমস্যায় আক্রান্ত হয়ে আদালতের শুনানিতে অনুপস্থিত ছিলেন তিনি।
