সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নের খলিলাবাদ গ্রামে খালের ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সময় বাঁচাতে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই সেতু দিয়ে চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝামাঝি অবস্থায় পাথর-বালু-সিমেন্টের ঢালাই সম্পূর্ণ উঠে গিয়ে লোহার রড বেরিয়ে গেছে। জোড়াতালির সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকাবাসী। গত প্রায় দুই বছর ধরে সেতুটির এমন দশা হয়েছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
স্থানীয় সরকার অধিদপ্তর উপজেলার বালিয়াটী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিলাবাদ খালের ওপর এই সেতু নির্মাণ করে। সংস্কারের অভাবে এটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম জানান, সেতুটি দীর্ঘদিন সংস্করণ না হওয়ায় এবং ভারী যানবাহন চলাচল করার কারণে সেতুটির বিভিন্ন স্থান ধসে পড়েছে। জরুরি রোগী পরিবহন কঠিন হয়ে পড়েছে। সেতুটি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণের দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এ এফ এম তৈয়বুর রহমান জানান, ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৮৩১ টাকা নির্মাণ খরচ নির্ধারণ করে টেন্ডার হয়েছে। কিছুদিনের মধ্যে নির্মাণকাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
