যারা দেশের স্বার্থ ও আইন মানে না তাদের পক্ষে ওকালতি নয়

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫০

ক্লিনফিড প্রসঙ্গে তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণমাধ্যম শিল্পের সবার স্বার্থে আমরা আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের কাজ করছি। সুতরাং দেশ ও সবার স্বার্থের বিপক্ষে কেউ অবস্থান গ্রহণ করবেন বা তাদের পক্ষে কেউ ওকালতি করবেন, এটি কখনো কাম্য নয়। ’ গতকাল দুপুরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো প্রতিনিধিবৃন্দ ক্লিনফিড বাস্তবায়নের পদক্ষেপের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এলে মন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের বৈঠক শেষে এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এটকো সভাপতি অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, ডিবিসি২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিবিসি২৪ চ্যানেলের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ বৈঠকে যোগ দেন। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী দেশের সব গণমাধ্যম, শিল্পী-কলাকুশলীকে এ আইনের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের জন্য সব পক্ষের সঙ্গে দুই বছর আগে থেকে দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং আগস্ট মাসের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে পহেলা অক্টোবর থেকে আমরা এই আইন কার্যকর করব। কিন্তু এটি নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। আমি আশা করব, এই বিভ্রান্তি ছড়ানো থেকে তারা বিরত থাকবে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রী আমাদেরকে সাহস না জোগালে আমরা এ কাজগুলো কখনো করতে পারতাম না।’ বাংলাদেশের আকাশ উন্মুক্ত, বাংলাদেশে কোনো চ্যানেল সরকারের পক্ষ থেকে বন্ধ করা হয়নি, বন্ধ করতেও বলা হয়নি উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আমাদের  দেশের চ্যানেলগুলো ভালো অনুষ্ঠান প্রচার করতে পারে এবং অনেকেই করে। যে সমস্ত বিদেশি চ্যানেল আমাদের আইনকে তোয়াক্কা করে না, আমাদের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমাদের কৃষ্টি, সংস্কৃতিকে চোখ রাঙায় সেগুলোর পক্ষে ওকালতি করা সমীচীন নয় বলে আমি মনে করি। ’ তথ্যসচিব মো. মকবুল হোসেন জানান, ‘আমি দেশের সব জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, ক্লিনফিড আইন বাস্তবায়নে সরকার প্রস্তুত আছে।’