আশুলিয়ায় আওয়ামী লীগ ও হেফাজত নেতার ফোন রেকর্ড ফাঁস

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫১

এলাকায় তোলপাড়

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে এক হেফাজত নেতার কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঐ অডিও কথোপকথনে মিথ্যা, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার সিঅ্যান্ডবি সড়কে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় সংগঠন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারকে বহিষ্কারের দাবি করা হয় ।

মানববন্ধন থেকে এলাকাবাসীর অভিযোগ, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও স্থানীয় হেফাজত নেতা মাসউদ মোস্তফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছেন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি ফোন রেকর্ডও ফাঁস হয়েছে। যাতে আমজাদ হোসেন সরকার ও হেফাজত নেতা মাসউদ মোস্তফা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে বিভিন্ন শলাপরামর্শ করছেন বলে শোনা যায়। এছাড়া গত কয়েক দিন ধরে আওয়ামী লীগ দলীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারও চালানো এবং হেফাজত নেতার পরামর্শে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক হোসেন আলী মাস্টার, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল মাস্টার, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী মাদবর, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহির মাদবর প্রমুখ।