প্রধানমন্ত্রীর অনুদানে বিনা মূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার স্থাপন

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে গতকাল জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হূদরোগ আক্রান্ত চার রোগীর হার্টে রিং বসানো হয়েছে। একই সঙ্গে দুই রোগীর হার্টে স্থাপন করা হয়েছে পেসমেকার। করিমন বিবি, সাদেকুর, জালালের মতো ৪০ বছর বয়সি আহমেদ হোসেইন, ৪৩ বছরের মো. হেলাল উদ্দীনের মুখে এখন প্রশান্তির হাসি। তারা এখন সবাই সুস্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হূদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনা মূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার কিনতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে চিকিত্সা সরঞ্জাম কেনার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ৩  কোটি ২৯ লাখ টাকা দেন। বিনামূল্যে ভাল্ব, রিং ও পেসমেকার বসানোর বিষয়ে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, ‘দরিদ্র রোগীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানে ১৫০টি পেসমেকার, ১৫০টি হার্ট রিং ও ১৫০টি ভাল্ব কিনতে পারব। গতকাল প্রথম বারের মতো চার রোগীর রিং বসানো হয়েছে। দুই দিনে ছয় জনের এনজিও গ্রাম বা হার্টে রিং বসিয়েছি। এ ছাড়া আরো দুই জনের পেসমেকার ও তিন জনের ভাল্ব স্থাপন করা হয়েছে। বিনা মূল্যে এ চিকিত্সা চলমান থাকবে।’