দশ জন নিয়ে বাংলাদেশের ড্র

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫২

বাংলাদেশ ১ ভারত ১

 স্পোর্টস রিপোর্টার

আগের দিন মালদ্বীপে সংবাদ সম্মেলনে ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় নিয়ে কটাক্ষ করেছিলেন। অস্কার ব্রুজনের বাংলাদেশকে উড়িয়ে দেবেন এমন আভাসও ছিল ইগরের কণ্ঠে। কিন্তু কাল মাঠে নেমে তার কোনোটারই প্রতিফলন দেখাতে পারেননি। সাফে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছেন ভারতীয় তোচ ইগর স্টিমাচ।

বাংলাদেশ এবং ভারতের ফুটবল পাল্লা দিয়ে ওজন করলে ভারত এগিয়ে থাকে। ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ভারত ৮২ ধাপ এগিয়ে। তাদের বিপক্ষে বাংলাদেশ গত ১৮টি বছর ধরে জিততে পারছিল না। অধিনায়ক জামাল ভুঁইয়াও বলেছিলেন ভারতের বিপক্ষে না হারলে ভালো। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মালদ্বীপে সাফের লড়াইয়ে বাংলাদেশ-ভারত ১-১ গোলে ড্র হয়েছে। ২৬ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে বিশ্বনাথ লালকার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের বাংলাদেশ ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতা আনে ১-১।

উপমহাদেশের ফুটবলে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই সেটি বাড়তি উত্তেজনা। ফুটবলের মহারণ। মালদ্বীপের সেই মহারণে মালের স্টেডিয়ামে প্রবাসী বাঙালি দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন। তারা মহাখুশি। সৌদি আরবের রেফারি আল সামরানি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে জামাল ভুঁইয়া, তপু বর্মণ, গোলকিপার জিকো, বদলি খেলতে নামা সোহেল রানা, মতিন মিয়াদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখো গেছে। খেলোয়াড়দের খুশি দেখা গেছে। কোচ অস্কার ব্রুজন তার কোচিং স্টাফদের সঙ্গে বুক মিলিয়েছেন। খেলোয়াড়রা মাঠে থেকে ছুটে গেছে দর্শকদের কাছে। দর্শকরা সারাক্ষণ দেশের পতাকা হাতে গ্যালারি হতে অকণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। তাই ফুটবলাররা সবার আগে দর্শকদের কাছে ছুটে গেছেন।

প্রথম ম্যাচে তপুর একমাত্র গোলে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। আর দ্বিতীয় ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর কথা না ভাবলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের বাংলাদেশ।

সুনীলদের ভারতের সামনে বাংলাদেশের জামাল ভুঁইয়াদের জড়তা কাটাতে একটু সময় লেগেছে। তার পরই খেলাটাকে পায়ে পায়ে গড়ে তুলতে গিয়ে দর্শকের মনে জয়ের তাড়না জেগে উঠেছিল।

বাংলাদেশ ভালো করে জানে মানভীর সিং, উদান্ত সিং, গ্ল্যান পিটার, প্রিতম, সুনীলদের ক্ষমতা কতো বেশি। তারা মাঠে কতোটা উজ্জ্বল এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঢেলে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই সব কথা পেছনে ফেলে হার না মানা লড়াই করে ম্যাচটা ড্র করতে বাধ্য করেন। হারটাকে বাঁচিয়ে এই ম্যাচটা ড্র করলেও বাংলাদেশের জন্য জয়ের চেয়েও বেশি কিছু।