বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়ন ঢাকা জেলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:০৪

আহমেদ সাঈদ বুলবুল, যশোর অফিস

প্রথমবারের মতো অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। সোমবার বিকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় তারা ৫৫-৩৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছে চট্টগ্রাম জেলার মেয়েদের। প্রথম কোয়ার্টারে ঢাকা ও চট্টগ্রামের পয়েন্ট ছিল ১৫-৮, দ্বিতীয় কোয়ার্টারে ৯-৯ পয়েন্ট সমতায়, তৃতীয় কোয়ার্টারে ১৭-৭ এবং শেষ কোয়ার্টারে ১৪-১৩।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন যশোর জেলার পান্না আক্তার। অন্যদিকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার ফারদিয়া আক্তার রাত্রি। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সভাপতি সৈয়দ সাজ্জাদুল কারিম কাবুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহিদুল ইসলাম মিলন ও বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার (অব.) এ কে সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল। উল্লেখ্য, গত ১ অক্টোবর আটটি জেলা মহিলা দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়।