সাঁতারে তিন বছর বয়সি সাবার ইতিহাস

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:০৪

বাবা দস্তগীর আব্দুল্লাহ, মা মারুফা খাতুন। দুজনই মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী। তারপরও তাদের দুই কন্যা সন্তানকে ঢাকায় এনেছেন জাতীয় বয়সভিত্তিক সাঁতারে লড়াই করার জন্য নয়। সাঁতার করে নিজের ফিটনেস বাড়ানো যায়। তবে ঢাকায় এসে বাবা জানতে পারেন তার মেয়ে সায়িবা জাফরিন সাবা দেশের সর্বকনিষ্ঠ সাঁতারু। জাতীয় বয়সভিত্তিক সাঁতারে এরচেয়ে কম বয়সি সাঁতারু নেই। তিন বছর বয়সি এই ছোট্ট মেয়েটি যখন গতকাল মিরপুরের সুইমিংপুলে নামছিলেন তখন অনেকেই মনে করেছিলেন ডুবে না যায়। কিন্তু বাবা সবাইকে বললেন দেখুন সাঁতার কেটে দেখিয়ে দেবে। ৫০ মিটার ফ্রি স্টাইল লড়াই শেষে এই মেয়েটি যখন পুল হতে উপরে উঠে আসলেন তখন তার প্রতি সবার আগ্রহ বেড়ে যায়। বাবা আব্দুল্লাহ বললেন, ‘আমার এই মেয়ে সাবা মার্শাল আর্টে অরেঞ্জ বেল্ট পেয়েছে। সাড়ে পাঁচ বছরের মেয়ে আয়েশা জাফলিন সাবা ব্ল্যাক বেল্ট পেয়েছেন। কিন্তু তারা জাতীয় পর্যায়ে খেলতে পারছেন না বয়স না থাকায়।’