জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:৪৪

নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়নি। তাকে থাকতে হবে এনসিবির হেফাজতে। এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে আরিয়ানকে রাখা প্রয়োজন। এদিকে শাহরুখ খানের এই বিপদে তার বাড়িতে ছুটে গিয়েছেন আরেক সুপারস্টার সালমান খান। খবর আনন্দবাজার পত্রিকার

শনিবার রাতে আটক হয়েছিলেন আরিয়ান। এনসিবির দপ্তরে নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার বিকালে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টসহ ছয় জনকে গ্রেফতার করেন কর্মকর্তারা। আদালত জানিয়েছে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানকে গতকাল সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিন্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনের আওতায় গ্রেফতার হয়েছেন তিন জন। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজারের বেশি টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে।