মহানবির (স.) ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:৫০

ইসলাম ধর্মের শেষ নবি হজরত মুহম্মদ (সা.) ব্যঙ্গচিত্র এঁকেছিলেন যে সুইডিশ কার্টুনিস্ট, সেই লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে পুলিশের দুই জন কর্মকর্তাও নিহত হন। আহত হয়েছেন ট্রাকটির চালক। খবর বিবিসির

৭৫ বছর বয়সি ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হতো। ২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবির ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য। রবিবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে খবরটি নিশ্চিত করেছেন। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষটি কীভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অন্য কোনো পক্ষের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছিলেন। এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। ২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক্স্বাধীনতার ওপর একটি বিতর্কে যোগ দেন, যে অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়। ভিকসের বক্তব্য যে তিনি ছিলেন ঐ হামলার লক্ষ্য যে হামলায় একজন চলচ্চিত্র পরিচালক নিহত হন।