এমপি কুদ্দুসের গাড়ি পোড়ানোর নির্দেশ

নাটোরে আওয়ামী লীগের দুই পক্ষের বিক্ষোভ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:৫২

নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি পোড়ানোর নির্দেশ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুর ও বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল সোমবার পৃথক পৃথক স্থানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ কর্মসূচি পালন করা হয়।

২ অক্টোবর রাতে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রকাশ্যে তার কর্মী-সমর্থকদের এমপি কুদ্দুসের গাড়ি পোড়ানোর নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন এমপি সমর্থকরা। বিক্ষোভ মিছিল থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাখায়াত হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু প্রমুখ।

সমাবেশে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাখায়াত হোসেন মোল্লা বলেন, এমপি কুদ্দুস একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন। গুরুদাসপুর-বড়াইগ্রামে তার জনপ্রিয়তা রয়েছে। অথচ সেই নেতার গাড়ি পোড়ানোর হুমকি দেওয়া হয় প্রকাশ্যে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এই বিক্ষোভের মাধ্যমে সিদ্দিকুর রহমানের বিচার দাবি করছি।

এদিকে বড়াইগ্রামে আব্দুল কুদ্দুস এমপির গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিকে আংশিক তথ্য দিয়ে অপপ্রচার করা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা। একই সঙ্গে এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে থানায় জিডি করার প্রতিবাদে এবং অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধনও করেছেন তারা। সোমবার বিকালে উপজেলার দিয়াড়গাড়ফা এলাকায় ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ইয়াদ, যুগ্ম সম্পাদক রানা আহমেদ, আওয়ামী লীগ নেতা সোনাউল্লাহ, সুরুজ আলী ও সুমন আলী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এর আগের বেশ কয়েকটি নির্বাচনে এমপি কুদ্দুস নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এবারের ইউপি নির্বাচনেও যদি তিনি নৌকার বিরুদ্ধে যান, তাহলে তাকে প্রতিরোধের জন্য নেতাকর্মীদের জাগ্রত করতেই আমি ঐ বক্তব্য দিয়েছি।