ঘরকুনো বিএনপি নয় এবার অন্য বিএনপি দেখা যাবে .... মেজর (অব.) হাফিজ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২৩:২২

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ঘরকুনো বিএনপি আর দেখা যাবে না। এবার অন্য ধরনের বিএনপি দেখতে পাবেন। এবারের নির্বাচনে যথাসময়ে বিএনপির শীর্ষপর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে। এই সরকারকে নামানোর জন্য প্রত্যেককে রাজপথে নামতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু বিএনপির না। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সব পেশাজীবীকে একত্রিত করতে হবে। বিএনপি অন্যান্য দলের সঙ্গেও যোগাযোগ করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একদফা আন্দোলন হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গতকাল সোমবার ‘রাজনৈতিক সংকট উত্তরণে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, অন্য কাউকেও নির্বাচনে যোগদানের সুযোগ দেওয়া হবে না। অতীতে বিশেষ করে বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে, তা আর করবে না।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমের জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনাসভা হয়। কল্যাণ পার্টির নেতা ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জানিয়েছেন, তার দল ২০ দলীয় জোটে থাকবে। তার আশা, জোট আরো শক্তিশালী হবে। তবে বিএনপিকে জোট ধরে রাখার জন্য যত্ন ও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।