ঢাকা জেলার দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের বেয়াই বিশিষ্ট ব্যবসায়ী হাশেম আলী (৯৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বেলা ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সালমান এফ রহমানের শোক
প্রবীণ রাজনীতিবিদ ও জনসেবক হাশেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। উপদেষ্টা বলেন, তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন দুঃসময়ের সাথি এবং পরীক্ষিত নেতা।
বিসিবির শোক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান, এমপির শ্বশুর হাশেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু তায়ালার নিকট তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছে বিসিবি।
