উত্তর প্রদেশের লখিমপুর খিরি জেলায় চার কৃষকসহ আট ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তাল পুরো ভারত। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তার সঙ্গে দেখা করতে রাজ্যটিতে আসেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কিন্তু কংগ্রেসের এই নেতাকে লখনউ বিমানবন্দরে আটকে দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। তাকে রাজ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে লখনউ বিমানবন্দরে অবতরণ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কিন্তু তাকে উত্তর প্রদেশ রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। পরে বিমানবন্দরে বসেই বিক্ষোভ শুরু করেন তিনি। এর একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন এই নেতা।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) October 5, 2021
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আটক নিয়ে এখন ভারতীয় রাজনীতিতে তোলপাড়। সোমবার (৪ অক্টোবর) সকালে তাকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ। রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন তিনিসহ দলের অন্য নেতারা। এ সময় এই নেত্রীকে আটক করেছে রাজ্য পুলিশ।
উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরের একটি গেস্ট হাউজে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে। তার সঙ্গে দেখা করতে সেখানেই যেতে চেয়েছিলেন ভূপেশ বাঘেল।
এক টুইট বার্তায় তিনি বলেন, সীতাপুরে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে আমি লখনউ এসেছি। কিন্তু আমি বিমানবন্দর ত্যাগ করার অনুমতি পাইনি। কোনো ধরনের অর্ডার (প্রশাসনিক আদেশ) ছাড়াই আমাকে থামিয়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/টিএ
