দীপেন চন্দ্র সেন, সিনিয়র শিক্ষক
দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
লালমনিরহাট
গতকালের পর
৬। রাজকীয় এক বিমানে চড়ে মহান এক নেতা নিজ দেশে ফিরলেন। দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার কারণে জাতি তাঁকে ভালোবাসায় সিক্ত করল। তিনি কাঁদলেন, দেশবাসীকে আনন্দে কাঁদালেন। অবিসংবাদিত এ নেতা দেখার জন্য লক্ষ জনতা জানুয়ারির ১০ তারিখ শহরের রাস্তায় অপেক্ষা করতে থাকলেন। অপেক্ষার শেষে জনতা প্রিয় এ নেতাকে অভূতপূর্ব অভিনন্দন জানালেন।
ক. ১৯৭২ খ্রিষ্টাব্দে সংবিধানে কতটি অনুচ্ছেদ ছিল? ১
খ. প্রথম পাঁচসালা পরিকল্পনার ব্যাখ্যা দাও। ২
গ. উদ্দীপকে যে মাহন নেতার নিজ দেশে ফেরার তথ্য ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও। ৩
ঘ. এ মহান নেতা দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন- বিশ্লেষণ করো। ৪
৭। তত্কালীন শাসক শ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ভারত বাংলাদেশের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিত্সা দিয়ে সাহায্য করে এবং আমাদের দুঃখ-দুর্দশার কথা বিশ্বের কাছে তুলে ধরে।
ক. ছয়দফা কর্মসূচি কোথায় পেশ করা হয়? ১
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা ব্যাখ্যা করো। ২
গ. ১৯৭১ এ ভারতের অবদান বর্ণনা
করো। ৩
ঘ. ‘ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ বিশ্বমানচিত্রে স্থান করে নিতে পারত না- মূল্যায়ন করো। ৪
৮। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ এর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে মহাজোট বিজয় অর্জন করে। ড. মনোয়ার মোস্তাফার এ জয় দেখে পাকিস্তানি আমলের এ ধরনের একটি নির্বাচনে জয়লাভের ঘটনাটি মনে পড়ে। পূর্ব বাংলায় জনগণের স্বতন্ত্রতা প্রদর্শন করতে উক্ত নির্বাচনের যথেষ্ট ভূমিকা রাখে। যদিও উক্ত নির্বাচনে বিজয়ীরা বেশি দিন টিকে থাকতে পারেনি, তবুও দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নির্বাচনের ফলাফল ইতিবাচক প্রভাব রাখে।
ক. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা
হয় কবে? ১
খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের গঠন ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে পাকিস্তান আমলের যে নির্বাচনের কথা বলা হয়েছে তার ফলাফল ব্যাখ্যা করো। ৩
ঘ. দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উক্ত নির্বাচনের ফলাফল ইতিবাচক প্রভাব রাখে- এ উক্তিটির আলোকে নির্বাচনের তাত্পর্য বিশ্লেষণ করো। ৪
