ডিসেম্বরে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৪

বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপে ঘাটারচর থেকে কাঁচপুর

ইত্তেফাক রিপোর্ট  

১২০টি নতুন বাস নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে ‘ঢাকা নগর পরিবহন’ নামে শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এ পরিবহন। প্রায় ২১ কিলোমিটারের এ রুটে প্রতি কিলোমিটার যাতায়াত ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।

গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি পাইলটিং রুট নির্ধারণ করেছি। এই রুটে নতুন নিয়ম এবং পদ্ধতিতে বাস চলবে। সবার প্রচেষ্টায় আমরা এতদূর আসতে পেরেছি। নগরে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। বিষয়টি অত্যন্ত জটিল ও দুরূহ ছিল। এখন আমরা লক্ষ্য পূরণে কাছাকাছি আছি।’

ডিএসসিসি মেয়র আরো বলেন, ‘আগামী ১ ডিসেম্বর এই রুটে বাস চলাচল শুরু হবে, এটা আমরা চূড়ান্ত করেছি। বাসগুলো যৌথ উদ্যোগে পরিচালিত হবে। পরে পুরো ঢাকায় কয়েকটি কোম্পানির মাধ্যমে বাস চলবে। ঘাটারচর থেকে কাঁচপুর রুটে কোনো পুরোনো বাস চলবে না। এখানে নতুন বাস যোগ হবে। এতে পরিবহন মালিকরা সম্মতি দিয়েছেন।’

বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভায় অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় গণপরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এর মাধ্যমে নগরে গণপরিবহনে শৃঙ্খলা আসবে। চালকের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থাকবে না। নতুন এই রুটে ৪০টির বেশি যাত্রী ছাউনি করা হবে। এছাড়া এই রুটের বাসগুলোর রং কী হবে, তা আগামী ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। ২০ অক্টোবর বাসের রং নির্ধারণ করা হবে।’