বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৬

বিশেষ প্রতিনিধি

রাজধানীতে একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. পারভেজ মল্লিক নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে পাশের সিটের এক যাত্রী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার চিকিত্সা দেওয়া হয়।

ভুক্তভোগী পারভেজ মল্লিক বলেন, তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন টঙ্গী পূর্ব থানায় কর্মরত। থানা থেকে বের হয়ে রাজারবাগ পুলিশ লাইনসের উদ্দেশে বলাকা বাসে ওঠেন। বাসটি খিলক্ষেতে আসার পর পাশের সিটে বসা অপরিচিত লোকের দেওয়া পানি পান করে অচেতন হয়ে পড়েন। উদ্ধার করে নিয়ে আসা বাসের যাত্রী সাইদুর রহমান বলেন, তিনিও একই বাসের যাত্রী। অজ্ঞান পারভেজ মল্লিকের পকেটে তার পরিচয়পত্র দেখতে পেয়ে তিনি তাকে রাজারবাগ পুলিশ লাইনসের ৬ নম্বর গেটে নামান। টঙ্গী পূর্ব থানার এসআই ওয়াহিদকে ফোন করে ঘটনাটি জানালে পারভেজ মল্লিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি এখন সেখানে চিকিত্সাধীন।