আওয়ামী লীগের তিন প্রার্থী তৃণমূলে মনোনীত

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৬

রূপগঞ্জে ইউপি নির্বাচন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট তায়েবুর রহমান ও ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল ইসলামকে মনোনীত করা হয়েছে। গতকাল রূপসী গাজী ভবনে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূলের গোপন ভোটে তারা মনোনীত হন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগের নেতা আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সী প্রমুখ। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, তৃণমূলের ভোটে বাছাইকৃত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি যাকে মনোনীত করবেন, তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।