ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। কিন্তু অন্য মামলার শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করায় ঐ আবেদন গতকাল গ্রহণ করেননি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। বিচারক বলেছেন, ‘আজ শুনব না, অন্য দিন আসুন।’ আইনজীবীরা জানিয়েছেন, হয়তো দুই/এক দিনের মধ্যে আবারও সশরীরে আত্মসমর্পণ করে জামিন চাইবেন আবুল কালাম আজাদ।
করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে দুর্নীতির মামলায় সম্প্রতি আবুল কালাম আজাদসহ ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিট দাখিলের পর গতকাল আত্মসমর্পণ করে জামিন চান আবুল কালাম আজাদ। কিন্তু বিচারক অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় জামিন শুনানি গ্রহণ করতে পারেনি। এরপর স্বাস্থ্যের সাবেক এই ডিজির আইনজীবী আত্মসমর্পণের আবেদন তুলে নেন। পরে তিনি আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যান।
