সাবমেরিন থেকে রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:১৫

এএফপি

সাবমেরিন থেকে নতুন এক ধরনের হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সোমবার চালানো সর্বশেষ এই অস্ত্র পরীক্ষাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অজেয়’ বলে অভিহিত করেছেন।

মস্কো সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্রের উন্নয়নের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেছে যে, পাশ্চাত্যের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার এ সময়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো অস্ত্র প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে। হাইপারসোনিক শব্দের গতির পাঁচগুণের বেশি গতিতে ধাবমান হতে পারে এবং মিড-ফ্লাইটে এর গতিবিধি চাতুর্যপূর্ণ। তাদের ট্র্যাক করা এবং আটকানো অনেক কঠিন। রাশিয়ার সামরিক বাহিনী সোমবার বলেছে যে, তারা সেভেরোডভিনস্ক পারমাণবিক সাবমেরিন থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাশিয়ার আর্কটিকের বারেন্টস সাগরে একটি পরীক্ষার লক্ষ্যে আঘাত হেনেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পারমাণবিক সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ সফল বলে বিবেচিত হয়েছে।’