ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক এডিমন গিন্টিং। গতকাল মঙ্গলবার থেকে তিনি ঢাকা অফিসের দায়িত্ব গ্রহণ করেন। তিনি মনমোহন প্রকাশের স্থলাভিষিক্ত হলেন। ২২ বছরের কর্মজীবনে তিনি গত ১৪ বছর ধরে এডিবির সঙ্গে রয়েছে। এর আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। ইন্দোনেশিয়ার সংসদীয় বাজেট কমিটির উপদেষ্টা ছিলেন। ২০০৭ সালে এডিবিতে অর্থনীতিবিদ হিসেবে কাজ শুরু করেন তিনি। ইন্দোনেশিয়ার আবাসিক মিশনে জেষ্ঠ্য অর্থনীতিবিদ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পদে ছিলেন। এছাড়া ২০১৮ সাল থেকে তিনি ম্যালিনাল এডিবি মূল অফিসে অর্থনৈতিক গবেষণা ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের উপমহাপরিচালক পদে কাজ করেছেন। ইন্দোনেশিয়ার নাগরিক গিন্টিং অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি থাইল্যান্ড থামাসাত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ইন্দোনেশিয়ার গদজাহমাদা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও উন্নয়ন অধ্যয়নে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গিন্টিং বাংলাদেশ সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতিগত আলোচনায় এডিবির নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের জন্য এডিবির পঞ্চবার্ষিক দেশ অংশীদারিত্ব কৌশল, (২০২১-২০২৫) বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন।
