ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার সামান্য উত্থানে শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। ডিএসইতে সূচক সামান্য বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩১ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৯৪ দশমিক ৪২ পয়েন্টে এবং ২ হাজার ৭৭৮ দশমিক ১২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ২ হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির বা ১৯ দশমিক ৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৯টির বা ৭১ দশমিক ৫৪ শতাংশের এবং ৩২টির বা ৮ দশমিক ৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
