মালদ্বীপে ভোর থেকে টিকিটের জন্য লাইন

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপে সাফে বাংলাদেশ প্রথম জিতেছে। দ্বিতীয় ড্র করেছে। ব্যস, এই আনন্দের ছোঁয়া প্রবাসীদের রাঙিয়ে দিয়েছে। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। বাংলাদেশিদের মধ্যে স্বাগতিকদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে। গতকাল মালেতে ভোর রাত  থেকে মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশিদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। কিন্তু আয়োজকরা বাংলাদেশিদের কাছে পর্যাপ্ত টিকিট না বিক্রি করায় উত্তেজনার সৃষ্টি হয়। স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবর পাওয়া যায় বলে জানিয়েছে বাফুফে। সাড়ে ৭ হাজার টিকিটের মধ্যে বাংলাদেশিদের কাছে মাত্র ২০০-৩০০ টিকিট বিক্রি করে হঠাত্ বন্ধ করে দেওয়ায় ভোর থেকে প্রতীক্ষিত দর্শকের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা শুরু হয়। মালদ্বীপে বিভিন্ন পেশায় বাংলাদেশের প্রায় লক্ষাধিক নাগরিক বসবাস করে।