ভূমিসংক্রান্ত জটিলতা কম সময়ে কম খরচে সমাধানের উপায়

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৬

ভূমি মামলাসংক্রান্ত জটিলতার মধ্যে কয়েক যুগ ধরে অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় অর্থনৈতিক আর্থ-সামাজিক ক্ষেত্রে ক্ষতির পরিমাণ বিশাল। দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর চেয়ে বড় বাধা আর নেই। এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে এসিল্যান্ড অফিসে রেকর্ড সংশোধনের মামলাগুলো মিস কেইস করে এগুলোর সমাধান করার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক আদালতের সব স্তরে মামলা খারিজ হওয়ার পর বর্তমানে দেওয়ানি আদালতে রেকর্ডসংক্রান্ত জটিলতা নিয়ে লাখ লাখ মামলা যুগ যুগ ধরে পড়ে আছে। দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা রয়েছে। সে মামলাগুলো কালো টাকার মালিক ভূমিদস্যুরা মোটা অঙ্কের টাকা দিয়ে চৌকস মেধাবী সেরা আইনজীবী নিয়োগ করে থাকে। গরিব মানুষ অল্প টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করলেও এঁরা সেরা আইনজীবীদের কাছে যুক্তি-তর্কে হেরে যান। ফলে গরিব মানুষের রেকর্ড সংশোধনের মামলা নিম্ন আদালতে ডিসমিস অথবা খারিজ হয়ে যায়। সেগুলোর মধ্যে অনেক মামলা উচ্চ আদালতে আপিল করা হয়েছে। নিম্ন আদালত, উচ্চ আদালত উভয় ক্ষেত্রে রেকর্ড সংশোধনের মিস কেইসগুলো অন্যান্য দেওয়ানি মামলা থেকে পৃথক করে অগ্রাধিকার দিয়ে সমাধানের ব্যবস্থা করতে পারলে দেওয়ানি মামলার বিশাল জট হ্রাস করা সম্ভব হবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০