লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ার নলদী ইউনিয়নের ইছামতী বিল এখন মিনি পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। বিলের পানিতে ফুটে আছে বাহারি রঙের হাজারো পদ্ম। পদ্মের গোলাপি চাদরে ঢেকে গেছে বিলের পানি। আর এ দৃশ্য উপভোগ করতে উপজেলাসহ দূর-দূরান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসছেন পদ্মবিলে।
লোহাগড়ার বড়দিয়া গ্রাম থেকে আসা সবিতা রানি বলেন, এই বিলের পদ্ম ফুলের ছবি ফেসবুকে দেখে এখানে আসছি। তবে এ দৃশ্য ছবির চেয়েও অনেক সুন্দর। কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের সাবিনা ইয়াসমিন জানান, করোনার এই সময় পদ্মবিল আমাদের জন্য অন্যরকম শোভা বিছিয়ে রেখেছে। বিলের মধ্যে নৌকায় ঘুরে পদ্ম ফুলের সৌন্দর্য দেখা এ এক অন্যরকম অনুভূতি। বারবার এখানে আসতে চাই।
প্রতিদিন শত শত দর্শনার্থীর যাতায়াতে একমাত্র ভরসা স্থানীয় জেলে নৌকা। পুরো পদ্মবিল ঘুরে দেখতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। নৌকায় ঘণ্টাপ্রতি ভাড়া নেয় ২৫০ টাকা। আবার সম্পূর্ণ বিল ঘুরে দেখতে নৌকা মালিকরা নেন মাত্র ৫০০ টাকা। মাঝি বিপ্লব বাওলায়ী বলেন, পদ্ম ফুল দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছেন। দিনে চার-পাঁচ বার করে একেকটি নৌকা দর্শনার্থীদের নিয়ে বিলে যায়। ভালো টাকা আয় হচ্ছে। রাতে বিলে মাছ ধরি আর দিনভর দর্শনার্থীদের নিয়ে বিলে যাই। নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, ইছামতী বিলের পদ্মই এখন জেলার প্রধানতম বিনোদন স্থান। আমাদের জন্য এই পদ্ম ফুল আশীর্বাদ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন জেলার মানুষে ঘুরতে আসছে। এই পদ্মবিল যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা করব।
