গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
ভোরে সাত বছরের শিশু আশিককে নিয়ে বিল থেকে পদ্মফুল তুলেন পা হারানো ষাটোর্ধ্ব আমজাদ হোসেন। পরে ছোট্ট আশিককে নিয়ে ক্র্যাচে ভর করে এ ফুল বিক্রি করেন স্কুল-কলেজ আর রাস্তায় ঘুরে ফেরি করে। এতে তার আয় হয় ২৫০-৩০০ টাকা। আর এ টাকা দিয়েই চলে তার সংসার। তিনি জানান, বর্ষায় পদ্মফুল বিক্রি আর অন্য মৌসুমে সহযোগিতা নিয়ে চলে তার জীবন। এ বিষয়ে ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, আমজাদ দীর্ঘদিন ধরেই পদ্মফুল বিক্রি করছেন। তার অসহায়ত্ব দেখে পরিষদ থেকে বিভিন্নভাবে সহযোগিতাও করা হয়েছে। নতুন বরাদ্দ এলে তাকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
