মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৯

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন

দিনাজপুর অফিস

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। ইভিএমের মাধ্যমে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তপশিল ঘোষণার পর থেকেই দলীয় মনোনয়ন পেতে তত্পরতা শুরু করেছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এবারের নির্বাচনে বিভিন্ন দলের ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মাঠে নেমেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি এবং গত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইউনূছ আলী মণ্ডল, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপুল চন্দ্র সরকার এবং পৌর মহিলা যুবলীগের সভানেত্রী নিলুফা জাহান লায়লা।

তবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়ন পাবে না, তাদের অধিকাংশ জনবিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। অপরদিকে অন্যতম আরেক রাজনৈতিক দল বিএনপি মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিগত দুই বারের মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ। তবে বিএনপি ঘোষণা দিয়েছে এবারের পৌরসভা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। ফলে দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য এই দুই জন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে। গত পৌরসভা নির্বাচনেও আব্দুস সাত্তার মিলন দলীয় ধানের শীষ প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বিএনপির অন্যতম জোট শরিক জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর জামায়াতের সাবেক আমির প্রভাষক আব্দুল মান্নান। গত নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আরেক রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রার্থী গত পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করলেও এবারের নির্বাচনে দলটির সম্ভাব্য কোনো প্রার্থীর তত্পরতা দেখা যাচ্ছে না।

ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। তবে ব্যক্তিগতভাবে দলীয় কারো নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। উপজেলা বিএনপির পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে যে আমরা কাকে সমর্থন দেব আর কেন দেব। তবে এই নির্বাচনকে ঘিরে জেলা বা কেন্দ্র থেকে আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা জানান, আওয়ামী লীগের সভা থেকে তিন জনের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।