সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ার চলনবিলে শিকারির হাত থেকে রক্ষা পেয়ে অর্ধশত বকপাখি মুক্ত আকাশে উড়ল। মঙ্গলবার ভোরে বিলের দুর্গম এলাকা থেকে পাখিসহ ছয় শিকারিকে আটক করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে পাখি শিকারিদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে চলনবিলের গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিলের ধানখেতে কলা ও খেজুর পাতার তৈরি পাখি ধরার কিল্লা ঘরে পাখি শিকার হচ্ছে খবর পেয়ে অভিযানে যান পরিবেশ কর্মীরা। পরে অর্ধশত বকপাখিসহ ছয় জন শিকারিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। ভেঙে ফেলা হয় পাখি ধরার প্রায় ৩০টি কিল্লা ঘর।
