ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রাক চাপায় মোস্তাক আলী (৪২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে ট্রাকচাপায় মজনু মিয়া (৩৮) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ইয়ামিন উদ-দৌলা জানান, লাশ বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর হস্তান্তর করা হবে।
খুলনা : খুলনায় হাসপাতালে চিকিত্সাধীন মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৈয়দ তরিকুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম (নাটোর) :নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় মালবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল আজিজ (৬১) নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো আট জন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ নাটোর জেনারেল হাসপাতালের পরিচালক ছিলেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মাইক্রোবাসের যাত্রী আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
