হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় পুকুরের পানিতে ডুবে মো. ইয়ামিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ঐ গ্রামের ফটোগ্রাফার মো. আক্তার হোসেনের ছেলে। শিশুটির চাচা মো. ইউসুফ জানান, ঘরের পাশেই পুকুর। ইয়ামিনের মা রান্নার কাজে ব্যস্ত থাকার কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
