খুব দ্রুতই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন -----মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২২:১৯

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুই পক্ষের মামলায় মুক্তিযোদ্ধা সংসদের ভোট আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়েছিল। এই মুহূর্তে কোনো মামলা নেই। খুব দ্রুতই নির্বাচন হবে। আশা করি নভেম্বর মাসের দিকে সংসদের ভোট অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মশিউর রহমান কলেজ মাঠে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ৩ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। অসচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দিচ্ছে। আর কোনো মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবেন না। বরাদ্দ ঘরের পরিমাণ বাড়িয়ে নীলফামারীর জন্য ৩০টি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানসম্মতভাবে ঘর তৈরির জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর (এমপি)।

আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চল থেকে মঙ্গা দূর করেছেন। নীলফামারীর উন্নয়নে আধুনিক সব সুযোগ-সুবিধা প্রদান করছে সরকার। এর সুফল পাচ্ছে নীলফামারীর মানুষও।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাবু কান্তি ভূষণ, সাবেক উপজেলা কমান্ডার শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।